প্রবাস মেলা ডেস্ক: বিতর্কিত কৃষি আইন পাসের এক বছর পূর্তিতে ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার ভারত বনধের ডাক দিলে গুরুগ্রাম-দিল্লি মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তীব্র এই জ্যাম গুরুগ্রাম-দিল্লি মহাসড়কের। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে হরিয়ানা ও পাঞ্জাব, উত্তরপ্রদেশসহ বিভিন্ন স্থানে ভারত বনধ কর্মসূচি পালনের প্রভাব পড়ে দিল্লির মহাসড়কে। কৃষকরা রাস্তা বন্ধ করে দেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিতর্কিত তিনটি কৃষি আইন পাসের এক বছর পূর্তিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। পূর্ব ঘোষিত ভারত বনধ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সময় ভোর ৬টা বিভিন্ন প্রদেশের রাস্তায় অবস্থান নেন কৃষকরা। এ সময় বিতর্কিত আইন বাতিলে বিভিন্ন স্লোগান দেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবের অন্তত সাড়ে ৩০০ স্থানে বিক্ষোভ হয়।
আন্দোলনে আসা একজন বলেন, এটা শুধু কৃষকদের আন্দোলন না। পুরো দেশকে বাঁচাতে আমাদের আন্দোলন। সবকিছু বন্ধের ডাক দিয়েছি। শুধু জরুরি সেবা চালু থাকবে।
সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে ৪০টির বেশি কৃষক সংগঠনের ডাকা এই ধর্মঘটে বন্ধ রাখা হয়েছে সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান। তবে জরুরি সেবাগুলো চালু রাখার কথা জানান কৃষকরা।
কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতারাও। এর আগে অন্ধ্র প্রদেশ ও তামিল সরকার কৃষকদের পুরোপুরি সমর্থনের ঘোষণা দেন। কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আন্দোলনকারীদের শহরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ।