প্রবাস মেলা ডেস্ক: ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েল দূতাবাসের পেছনে ‘বিস্ফোরণ’ আতঙ্কে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশের বিশেষ বিভাগ ও বম্ব স্কোয়াড। তবে সেখানে বিস্ফোরণের কোনো আলামত খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
সংবাদ সংস্থা সূত্রে খবর ইসরায়েল দূতাবাসের তরফেও বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে এটি কীসের বিস্ফোরণ ছিল— সে বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে জানিয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে এটি কী ছিল আমরা এখনো জানি না। পুলিশ এবং আমাদের নিরাপত্তা কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছে।’
দিল্লির দমকল বিভাগের পরিচালক অতুল গর্গ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির চাণক্যপুরী এলাকায় অবস্থিত ইসরায়েল দূতাবাসের পেছনের ফাঁকা জমিতে বিস্ফোরণ হয়েছে দাবি করে দমকল বিভাগে একটি বেনামি ফোন আসে। ফোন করা ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে তিনি ফোনে এই খবর দিলেন তাও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে বিস্ফোরক পাওয়া যায়নি। তবে দূতাবাসের পাশের ফাঁকা জমিতে বিস্ফোরণ জাতীয় কিছু একটা হয়েছে, তা নিশ্চিত।
স্থানীয় সূত্রে অনেকেই গাড়ির চাকা পাংচার হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি) কর্তারা। তবে এ পর্যন্ত বিস্ফোরণের কোনও নমুনা মেলেনি।