শেখ নজরুল:
এমন নিখুঁত পতাকার মাপে, মানচিত্রের মাপে
আশ্চর্য চশমা, আমি দেখিনি কোনোদিন
পিতা, তোমার চশমাটি ঘিরে এক অদ্ভূত লোভ
ইদানিং লোভাতুর হতে বাধ্য করেছে আমাকে
ওটি আমার চাই-ই, চাই
আমার এ সামান্য চোখে কী বিশাল দৃষ্টিহীনতা
পিতা, তোমার চোখে একবার দেখতে চাই
আজন্ম রূপ-ঈশ্বরী জননী আমার, সোনার বাংলা
সকাল, বিকেল, দুপুর কী রাত্রি, অবারিত প্রেম
সুগন্ধ আঙিনা আমার-রক্তপ্লাবনে ভাসে আজো
আজো শস্যগন্ধা মৃত্তিকার বুক চষে দাঁতাল শুয়োর
আমার এই চোখ, এই দৃষ্টি, এই অন্তর
পোড়ে না, কাঁদে না, নাকি দেখে না তার কিছু
পিতা, তোমার চোখ ছোঁয়া হয়নি কখনো আমার
এমন দিগন্তজোড়া চশমা কোথায় পাবো, আমি!
তোমার জীবনের সুতোয় বোনা এই স্বদেশ
সেলাই ছিঁড়ে-ছিঁড়ে ছিন্ন-বিচ্ছিন্ন করছে যারা
তাদের মুখোশের চেয়ে সুরত যতো দীর্ঘ
সে সব আর দৃশ্যত নয় আমােদর এই সাধারণ চোখে
তোমার দৃষ্টি দাও, পিতা; নয় তো দাও সেই চশমা
যার কাচদু’টি ধরে আছে আমৃত্যু কান্নার দাগ
যার ফ্রেমে জড়িয়ে আছে আনন্দে-বেদনায়
ক্ষুধা ও তৃপ্তিতে-এই বাংলার মায়াময় ধুলোবালি
পিতা, তোমার চশমাটি ঘিরে এক অদ্ভূত লোভ
ইদানিং লোভাতুর হতে বাধ্য করেছে আমাকে
অথচ কি আশ্চর্য! কতটা অভাগা আমি
তোমার সেই আশ্চর্য চশমাটির লেন্সের পাওয়ার-
আমার জানাই নেই!