মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সৌদি আরবের পূর্বাঞ্চল দাম্মাম থেকে-চট্টগ্রাম রুটে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি জানিয়ে সভা করেছেন চট্টগ্রাম প্রবাসীরা।
দাম্মামে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন চট্টগ্রামের অভিবাসীরা, দীর্ঘদিন যাবৎ তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে এ দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রাম থেকে দাম্মামে সরাসরি বিমান না থাকায় রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বেশ কয়েকঘন্টা ট্রানজিট দিয়ে লোকাল ফ্লাইটে বা সড়ক পথে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেই তাদের দাম্মাম যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় চট্টগ্রাম থেকে দাম্মাম, দাম্মাম থেকে চট্টগ্রামের প্রবাসী যাত্রীদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাম্মাম-চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি নিয়ে মোহাম্মদ রফিক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দাম্মাম বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব আবুল হাসেম বাবুল, খোরশেদ আলম রুবেল, ডাক্তার আহমেদ সাঈদ, মো: নাছের, সিরাজুল ইসলাম বাহাদুর, মোহাম্মদ ইলিয়াস, রেজাউল করিম, আলম তাহের, আব্দুল কুদ্দুস, হাসান খান, ইসমাইল শাহ, আশরাফুজ্জামান শাকিল, জিল্লুর রহমান চৌধুরী, মিনহাজুল আমিন, আইয়ুব হাসান, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান টিপু, লোকমান হাকিম, ইকবাল সাহা, ইসমাইল সাহা প্রমুখ।