প্রবাস মেলা ডেস্ক: সাইবার নিরাপত্তা ও কর্পোরেট তথ্য সুরক্ষিত রাখতে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর পরিবর্তে কর্মকর্তা-কর্মচারীদের মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি বিমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইটি) বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্পোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর পরিবর্তে কর্পোরেট যোগাযোগের জন্য মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা নিরাপদ ও পেশাগত যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাধ্যম।
এতে আরও বলা হয়, ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে মাইক্রোসফট টিমসে সহজে অ্যাকাউন্ট খোলা যায়। এই প্ল্যাটফর্মে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ বিভিন্ন কর্পোরেট সুবিধা পাওয়া যায়। যা দৈনন্দিন দাপ্তরিক যোগাযোগকে আরও কার্যকর ও সুরক্ষিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এরই মধ্যে হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক কাজ থেকে বাদ দিয়েছে। এর কারণ, এটি একটি থার্ড-পার্টি অ্যাপ এবং অনেক ক্ষেত্রেই তথ্য নিরাপত্তার প্রশ্নে ঝুঁকিপূর্ণ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর সংবাদমাধ্যমকে বলেন, “মাইক্রোসফটের প্লাটফর্ম ব্যবহার করতে আনুষ্ঠানিক চুক্তি করেছে বিমান। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে বৈঠক বা যোগাযোগের ব্যবস্থা রয়েছে। কয়েক মাস আগেই দাপ্তরিক কাজে ব্যবহৃত বিমানের ডেস্কটপ কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।”