অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি:
দক্ষিণ কোরিয়াতে করোনাভাইরাস এর টিকা নেওয়ার পর যুগান্তকারী ঘটনা হিসেবে ৪০০০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনার উর্ধ্বগতি রোধ করতে না পেরে দেশটির সরকার গত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকল অভিবাসী ও কোরিয়ান নাগরিকদের পুনরায় বাধ্যতামূলক ফ্রি করোনা টেস্ট করার নির্দেশ প্রদান করে। এতে বলা হয়, করোনা ভ্যাকসিন গ্রহণ করলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হবে। সম্প্রতি কোরিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পরেও গণহারে কোভিড টেস্ট করার পর ৪ হাজার জনের কোভিড সংক্রমণ হয়েছে।
দক্ষিণ কোরিয়া ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এজেন্সি(কেডিসিএ) জানিয়েছে,গত আগস্ট পর্যন্ত মোট জনসংখ্যার ৯.৭৫ মিলিয়ন লোক করোনা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে এবং তাদের মধ্যে থেকে ৩৮৫৫ জন পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার যুগান্তকারী ঘটনা ঘটেছে। কেডিসিএ বলেছে, বয়স্কদের মধ্যে আক্রান্ত হওয়ার হার ছিল খুবই কম, কিন্তু ৩০ বছরের নিচে সর্বোচ্চ ০.০৯২ শতাংশ আক্রান্ত হয়েছে। করোনা টিকা নেওয়ার পরেও আক্রান্তদের মধ্যে জনসন এন্ড জনসনের টিকা নেওয়ার পর ০.১৩১ শতাংশ, এস্ট্রোজেনেকার টিকা নেওয়ার পর ০.০৪২ শতাংশ এবং ফাইজারের টিকা নেওয়ার পর ০.০২৩ শতাংশ হারে আক্রান্ত হয়।

এদিকে কেডিসিএ বলেছে, কোরিয়াতে টিকা যত বেশি মানুষ গ্রহণ করবে, টিকা নেওয়ার পরেও আক্রান্তদের ঘটনা ততো বেশি বাড়তে পারে। তবে টিকা গ্রহণকারীর তুলনায় এ আক্রান্তের হার অত্যন্ত কম। তারা আরও বলেন, টিকা গ্রহণ করলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে এবং মোট টিকা প্রাপ্তদের থেকে ০.০৪ শতাংশ আক্রান্ত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী বৈধ-অবৈধ সকল অভিবাসী ও কোরিয়ানদের ক্রমান্বয়ে টিকা দেওয়া শুরু হলেও বায়ান্ন মিলিয়ন জনসংখ্যার শতকরা ৮০ ভাগ মানুষকে অক্টোবরের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে দেশটির সরকার।
এদিকে কোরিয়ার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব সুচকে’র টানা পাঁচ দিনের ছুটির পর দেশটিতে একদিনে ৩২৭৩ জনের করোনা ভাইরাস সংক্রমণে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এখনো সংক্রমণ প্রতিদিন ঊর্ধ্বগতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার সামাল দিতে ব্যর্থ হলে দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যেই, দেশজুড়ে ডেল্টার ভয়াবহ সংক্রমণ ২০ হাজার জন ছাড়িয়ে গেছে। তাই, যথাযথভাবে সরকারি বিধিনিষেধ মেনে সকল প্রবাসী বাংলাদেশিদেরকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন সিউলের বাংলাদেশ দূতাবাস।