রাশিদুল ইসলাম জুয়েল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: ২৩ জানুয়ারি ২০২৩ রাত থেকে কোরিয়াতে এবছরের রেকর্ড পরিমাণ তীব্র ঠান্ডা পড়বে -১৭ ডিগ্রি। রাত থেকে দক্ষিণ কোরিয়াতে তীব্র শৈত্য প্রবাহ থাকবে। এমতাবস্থায় কেউ বাহিরে যাবার পূর্বে অবশ্যই ঠান্ডা আবহাওয়ার পোশাক ভালোভাবে পরিধান করে তারপর বাহিরে যেতে হবে।
বিশেষ করে আপনার শরীরের তাপমাত্রা বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে এবং ঠান্ডাজনিত রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। তাপমাত্রা আজকের তুলনায় ১০ থেকে ১৫ ডিগ্রি বেশি হ্রাস পাবে এবং সবচেয়ে শক্তিশালী শৈত্যপ্রবাহ আসবে। বেশিরভাগ উপকূল গাংউওনদো (강원도) পার্বত্য অঞ্চল, জেজু দ্বীপ (제주도) এবং খিয়ংসানবুকদো (경상북도) এর অভ্যন্তরের কিছু অংশ জুড়ে শক্তিশালী বাতাস বইবে। এটি ২০m/s এর বেশি এবং পার্বত্য অঞ্চলে ২৫m/s এর বেশি তাৎক্ষণিক বাতাসের গতির সাথে খুব শক্তিশালী হবে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
আগামী পরশু পর্যন্ত খুব ঠাণ্ডা আবহাওয়া অব্যাহত থাকবে, তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং সপ্তাহের দ্বিতীয়ার্ধে আবারও বিভিন্ন জায়গায় ঘন ঘন তুষারপাত ও বৃষ্টি হবে। অতিরিক্ত ভারি তুষারপাত হওয়ার সম্ভাবনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা সম্ভাবনা রয়েছে।