আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: ২৮ জুলাই দক্ষিণ কোরিয়ায় অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে এক বিশাল মিলনমেলার মধ্য দিয়ে এক ইতিহাস গড়লো। বিদেশের মাটিতে কোন সমুদ্র তীরে একসাথে ১৫০৫ জন বাংলাদেশি একত্রিত হয়ে এত বড় জমায়েত করেছে বলে জানা নাই।
দক্ষিণ কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। এদেশে প্রায় পনেরো হাজার বাংলাদেশির বাস।
এই প্রবাসীরাই আজ সেই দেশে লাল সবুজের ইতিহাস গড়লো। দেশটির খাংউন প্রদেশে সাগর ও পাহাড়ের খেলা যা সব ঋতুতেই পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান ।সেই খাংউন প্রদেশের খিয়ংফো ও জুমুনজিন সমুদ্র সৈকতে কোরিয়ার বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা গ্রীষ্মকে উপভোগ করতে ছুটির দিন রবিবারে গ্রীষ্মকালীন মিলনমেলায় মিলিত হয়। মিলনমেলাটি আয়োজন করে জনপ্রিয় সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া ।

কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ৩৪টি বিলাসবহুল বাস যোগে ১৫০৫ জন প্রবাসী বাংলাদেশি একত্রিত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্র সৈকতটিকে একখণ্ড বাংলাদেশ বানিয়ে সারাদিন আনন্দগানে, খেলাধুলা, জলকেলিতে মুখরিত করে মনের ফ্রেমে গেঁথে রাখার মতো একটা দিন পার করে।
মিলনমেলাকে আরো সম্পূর্ণরূপ দিতে এই অনুষ্ঠানে হাজির হয় বাংলাদেশ থেকে তারকা শিল্পী ক্লোজ আপ ওয়ান খ্যাত সাব্বির ও সারেগামাপা খ্যাত অবন্তী সিঁথি ।সাথে কোরিয়ান শিল্পী কিম মিন জি যে কিনা বাংলা গান গায়। এই তারকা শিল্পীদের সাথে কোরিয়া প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সারাদিন নাচে গানে বিচ কনসার্টের মাধ্যমে মুখরিত হয়ে থাকে।
সাধারণের পরনে ছিল সবুজ টিশার্ট আর পরিচালনা কমিটির পরনে ছিল লাল সবমিলিয়ে যেনো লাল সবুজের বাংলাদেশ । হালকা বৃষ্টি যুক্ত আবহাওয়াতে সকলে একসাথে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ” এর মধ্য দিয়ে পুরো এলাকাকে মুখরিত করে অনুষ্ঠান উদ্বোধন করে।
উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে প্রতি বছর ইপিএস বাংলা কমিউনিটি এই গ্রীষ্মকালীন মিলনমেলার আয়োজন করছে। অন্য কোন দেশে থেকে এই রেমিটেন্স যোদ্ধারা একটি দিন নিজেদের মতো করে কাটাতে পেরে নিজের মনকে রোবটিক জীবন ছেড়ে কিছুটা স্বাভাবিকে নিয়ে আসতে পারে। বিদেশের মাটিতে এতো বড় মিলনমেলা দুনিয়ার বুকে একটা দৃষ্টান্ত । ছবিতে সবুজের মাঝে লাল একখণ্ড বাংলাদেশকে দেখে প্রাণটা জুড়িয়ে যায় ।