প্রবাস মেলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো: তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুরের মো. মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।
প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া এ সময় গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবাসীদের বিভিন্ন ফোরামে বলা হচ্ছে, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায় এবং একজনের বাড়ি নোয়াখালী জেলায়।