প্রবাস মেলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় রেজাউল আমিন মোল্লাকে অপহরণ এবং খুনের ঘটনায় জড়িত চার বাংলাদেশিকে জামিন দেননি দেশটির পুমালাংগা প্রদেশের কোগাফন্টেইন ম্যাজিস্ট্রেট আদালত। তারা হলেন- সিলেটের নোমান, দক্ষিণ সুনামগঞ্জের আল আমিন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিহাব ও সোলায়মান।
গত ২০ ডিসেম্বর মাদারীপুর জেলার রেজাউল আমিন মোল্লাকে জোহান্সবার্গের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণ করেন এই চার বাংলাদেশি। মুক্তিপণ বাবদ দশ লাখ টাকা নিয়ে মুক্তি না দিয়ে ২৬ ডিসেম্বর আগুনে পুড়ে হত্যা করা হয় এই রেমিট্যান্স যোদ্ধাকে।
এদিকে রেজাউলের খুনিদের বিচার ও জামিন না দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচি হিসেবে ১ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার স্থানীয় আদালত প্রাঙ্গণে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন প্রবাসী সামাজিক সংগঠন ফান্ডাবিল পার্ক কমিউনিটি, মুক্ত বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিটোরিয়া, কোমাতলাঙ্গা বাংলাদেশি কমিউনিটিসহ দক্ষিণ আফ্রিকার সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।