সিউল, দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় রাজধানী সিউল এর গিম্পু সিটির ইয়াংগুগ নামক এলাকায় অবস্থিত জোগেজাং কোরিয়া বাংলাদেশ বুড্ডিস্ট টেম্পল এর উদ্যোগে টেম্পল এর নিজস্ব কার্যালয়ে ১২ সেপ্টেম্বর পবিত্র মধু পূর্ণিমা তিথি উপলক্ষে মতবিনিময় ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
রানা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী সুমি বড়ুয়া।এছাড়াও সংগঠনের সিনিয়র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান ধর্ম আলোচক হিসেবে বাংলাদেশের জম্মজাত শ্রীমৎ সুগত স্থবির ব্যাংকক থেকে অনলাইনের মাধ্যমে মহামানব গৌতম বুদ্ধের অমৃতময় বাণী আলোচনা করেন। তিনি দীর্ঘদিন দিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন।
সুগত স্থবির বলেন, আমি বাংলাদেশের অন্যতম তীর্থ ভূমি কুমিল্লার ময়নামতি শালবন বিহার কে নবরূপ দান করে পর্যটন কেন্দ্রে পরিণত করেছি। এখন দেশের বাইরে যে কোনো দেশে অথবা যদি সুযোগ পাই দঃ কোরিয়াতে ও একটা মেডিটেশন সেন্টার করার সম্ভাবনা আছে ।
কোরিয়ায় জাতীয় ছুটি ছুচকের নবান্ন উৎসব উপলক্ষে সরকারি বন্ধ থাকার কারণে দূর দূরান্ত থেকে পূণ্যার্থীগণ বিহারে উপস্থিত হয় ।
জগতের সকল প্রাণীর মঙ্গল ও শান্তি কামনা করে ১ম পর্বে সকাল ১১ টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বুদ্ধ পূজার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
২য় পর্বে চলে ভোজন বিলাস এবং আড্ডা। দেগু থেকে আসা রঞ্জিত বলেন, অনেক দিন পর সবাইকে একসাথে পেয়ে ভালো লাগছে। আবার বিকেলে ৩টায় জোগেজাং কোরিয়া বাংলাদেশ বুড্ডিস্ট টেম্পল এর পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি করার লক্ষ্যে সবাই একত্রিত হয় । বিধান মুৎসুদ্দীকে সভাপতি, অসীম বিকাশ বড়ুয়া ও সৈকত বড়ুয়া তপন কে সহ-সভাপতি, সুমিত বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি রানা বড়ুয়া সকলের প্রতি ধন্যবাদ জানান। এই টেম্পল কে পূর্ণ রূপ দেয়ার মানসে কোরিয়ায় বসবাসরত বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি সুদৃষ্টি কামনা করে নব -নির্বাচিত কমিটি অনুষ্ঠানের ইতি টানেন।