মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের তুলুজ শহরে মরহুম জুবায়ের হুসাইন মজনু সাহেবের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তুলুজ শহরের সম্মানিত প্রবীণ ব্যক্তিত্ব ও বিয়ানীবাজারের অভিভাবক মরহুম জুবায়ের হুসাইন মজনু সাহেবের স্মরণে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি, তুলুজ-ফ্রান্স-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার দুপুর ২টা থেকে শহরের প্রাণকেন্দ্রের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তুলুজ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলুজ শহরের সহকারী মেয়র ডিজিলালি লাহিয়ানি (Djillali Lahiani)। দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন আব্দুর রহমান।
সংগঠনের সহকারী সেক্রেটারি শাওন আহমদের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তব্য রাখেন ওসমান হোসাইন মনির (সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন তুলুজ), প্রবীণ ব্যক্তিত্ব মহসিন মিল্টন, মার্ক রায় (সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন), ফখরুল আকম সেলিম (সভাপতি, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ), এমরান হোসাইন (সহকারী উপদেষ্টা), এমদাদ হোসেন সুবেল (সেক্রেটারি, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি তুলুজ-ফ্রান্স), আবু সাঈদ (ইসলামিক ফোরাম তুলুজ)সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মরহুম জুবায়ের হুসাইন মজনু সাহেব তুলুজ শহরের বাঙালি কমিউনিটিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন তুলুজে বসবাসকারী প্রথম প্রজন্মের বাঙালিদের অন্যতম। মানবিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বহু মানুষকে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছেন। পাশাপাশি ক্রীড়াবিদ ও সমাজসেবক হিসেবে বিয়ানীবাজার উপজেলায়ও তিনি ছিলেন সুপরিচিত।
বক্তারা আরও উল্লেখ করেন, মরহুম মজনু সাহেব শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর কর্ম, আদর্শ ও মানবিকতা আজও সবার হৃদয়ে জীবন্ত এবং চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে মরহুমের একমাত্র পুত্র ও বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি তুলুজ-এর সভাপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাহাদ হুসাইন নানু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “১৯৬১ থেকে ২০২৫—আমার বাবার এই পৃথিবীর জীবনে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার জন্য দোয়া করবেন, যেন তিনি জান্নাতবাসী হন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম জুবায়ের হুসাইন মজনু সাহেবের জীবন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।