মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: প্রবাসী বাঙালিদের জন্য ভালোবাসা ও মানবিকতার সর্ববৃহৎ সেতু বন্ধন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। বৃহৎ এ সংগঠনটির কার্যনির্বাহী সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পিংক সিটিখ্যাত ফ্রান্সের তুলুজ শহর। ৮ অক্টোবর ২০২১ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ হতে সংগঠন প্রেমিক অসংখ্য মানবিক সংগঠক, তুলুজ বিমান বন্দরে অবতরণ করেন।
৯ অক্টোবর ২০২১ সকাল বেলা তুলুজের স্থানীয় সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন’-এর সম্মানিত সভাপতি এবং আয়েবা এর সহ-সভাপতি জনাব ফখরুল আকম সেলিম এর নেতৃত্বে আয়েবার সকল কার্যনির্বাহী সদস্যরা স্থানীয় শহীদ মিনার চত্বরে উপস্থিত হন। স্থানীয় সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের মনোমুগ্ধকর উপস্থাপনায় উপকৃত আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় সংগঠন এবং আয়েবা এর নেতৃবৃন্দরা।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর স্থানীয় নৃত্য শিল্পী গ্লোরিয়ার নেতৃত্বে নাচ পরিবেশিত হয়। সেক্রেটারি জেনারেল জনাব কাজী এনায়েত উল্লাহ এবং প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ড: জয়নুল আবেদিন এর নেতৃত্বে আয়েবা এর কার্যনির্বাহী পরিষদের সকলেই শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন নেতৃবৃন্দ,বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ ফিরোজ, রানা তসলিম উদ্দিন, ডা: জিন্নুরাইন জায়গীরদার, জয়েন সেক্রেটারি জনাব শরীফ আল মোমিন, বিজনেস আফেয়ার্স সেক্রেটারি জনাব সুব্রত ভট্টাচার্য শুভ, কালচার আফেয়ার্স সেক্রেটারি এমদাদুল হক স্বপন, বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি যোসেফ কস্তা, ইউরোপিয়ান বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশন এর আহবায়ক মার্ক রায় সহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন ইউরোপের অন্যতম বৃহৎ এই শহীদ মিনার আমাদের সকলের প্রেরণার উৎস। আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে অবগত করানোর জন্য ইউরোপের প্রত্যেকটি বড় বড় শহরে এমনিভাবে একটি করে শহীদ মিনার স্থাপিত করা উচিৎ। তুলুজবাসীর এই মহান অর্জনের জন্য আয়ের এর সকল নেতৃবৃন্দ, তাদের সাধুবাদ জানান। বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং আয়েবা এর সহ-সভাপতি জনাব ফখরুল আকম সেলিম কার্যনির্বাহী পরিষদের তুলুজে আয়েবা এর ১৯তম কার্যনির্বাহী সভা সভার আয়োজন সাফল্যমন্ডিত করার জন্য সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরো উল্লেখ করেন সকলের আন্তরিকতার জন্যই আমাদের এই বিশাল অর্জন।

দুপুরের আহারের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় নভোটেল, তুলুজ সেন্টার উইলসন হোটেলের হল রুমে। দ্বিতীয় অধিবেশনের প্রথম পর্বে, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক আলোচনা ও পরিচিতি অনুষ্ঠান হয়। এই আলোচনায় আয়েবা কার্যনির্বাহী পরিষদের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশি কমিউনিটির এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা প্রধান জনাব ফারুক আহমেদ, সহ-সভাপতি জনাব যোসেফ কস্ত, জনাব আল মামুন, সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব শাকের চৌধুরি, ট্রেজারার তমিজউদ্দিন খোকন, জনাব হাসিব, বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন সেক্রেটারি মার্ক রায় সহ অন্যান্যরা। অতঃপর আয়েবা এর মাননীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল এর নেতৃত্বে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন এর ১৯তম কার্যনির্বাহী পরিষদের সভা শুরু হয়।