প্রবাস মেলা ডেস্ক: এখন থেকে কোনো বিমান সংস্থা তিন দিনের (৭২ ঘণ্টা) বেশি সময়ের জন্য বিমান টিকিটের বুকিং ধরে রাখতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে বুকিংকৃত টিকিট যাত্রীর নামে ইস্যু করতে হবে। বুকিং সম্পন্ন করার সময় যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টিকিট ইস্যু না করা হলে, স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে।
বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি এই নির্দেশনা জারি করেছে। ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপনে বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য মোট ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নীতিমালা কার্যকর হওয়ার আগে বিভিন্ন বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্সি যেসব টিকিট ব্লক করে রেখেছে, সেগুলো সাত দিনের মধ্যে যাত্রীদের কাছে বিক্রি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না হলে, তিন দিনের মধ্যে টিকিটগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এখন থেকে সব ধরনের বিমান টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। টিকিটের প্রকৃত মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বিমান পরিবহন মন্ত্রণালয়কে জানাতে হবে, যা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাছাড়া, অনলাইনে ও টিকিটের গায়ে মূল্য উল্লেখ করতে হবে।
যদি কোনো ট্রাভেল এজেন্সি চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করে, তাহলে তাদের নিবন্ধন সনদ বাতিল বা স্থগিত করা হবে।
এছাড়া, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিদেশগামী প্রবাসী কর্মীদের টিকিটের ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।