প্রবাস মেলা ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (১৭ জুন) তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বাংলাদেশ সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে সহায়তার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ।
জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। তবে একইসঙ্গে সরকার জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায়। এজন্য একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার।
মন্ত্রী জানান, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি ড্রাফট কমিটি গঠন করা হবে। যারা একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সরকারের কাছে উপস্থাপন করবে। পরবর্তীতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের উপর ভিত্তি করে গণমাধ্যম কমিশন গঠন করা হবে।