প্রবাস মেলা ডেস্ক: আজ ঢালিউডের বরপুত্র সালমান শাহের ৫০তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে তার জন্ম। মাত্র চার বছরে ২৭টি ছবি। কম সময়েও চলচিত্রে দ্যুতি ছড়িয়েছেন। তার অকাল প্রস্থানে আজও পোড়াচ্ছে অগণিত মানুষের মন।
নব্বই দশকের শুরুতে বাংলা চলচ্চিত্রে যে নক্ষত্রের আগমন ঘটেছিল তিনি আর কেউ নন, কোটি মানুষের প্রিয় নায়ক সালমান শাহ। পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সেলুলয়েডে ডেব্যু হওয়া এই নায়কের অকালে চলে যাওয়া মেনে নিতে পারেনি দেশের হাজারো সিনেমাপ্রেমী। তিনি চলে গেছেন পঁচিশ বছর আগে কিন্তু আজ তার জনপ্রিয়তার পারদ কমেনি এতটুকুও।

অভিনেতা হিসেবে সালমান শাহ ছিলেন অন্যদের চাইতে একেবারেই আলাদা। তার অভিনয় দক্ষতা আজও ভুলতে পারেনি তার ভক্ত ও পরিচালরাও। তাই বাংলা সিনেমার রাজপুত্রের প্রস্থানের টানা এতো বছর পরেও তার অভিনয় দ্যুতি জ্বলজ্বলে। পরিচালক ছটকু আহমেদের দুইটি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ্, এই প্রিয় নায়কের স্মৃতিচারণ করে তিনি জানিয়েছেন অভিনেতা হিসেবে তার তুলনা চলেনা। চরিত্র চিত্রনে তার জুড়ি মেলা ভার।
মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সালমান শাহকে হারিয়ে দেশিয় চলচ্চিত্রে যে বড় ধরনের ধস নেমেছিলো তা স্বীকার করেছেন সিনেমার মানুষেরাই। অনেকেই মন্তব্য করেছেন তিনি আজ বেঁচে থাকলে বর্তমানের তারকা খ্যাতি পাওয়া নায়কের অভিনয়েও আসতো পরিবর্তন। প্রেক্ষাগৃহে পড়তো না তালা। এমনকি দেশিয় সিনেমাও জায়গা করে নিতো বিশ্ব আঙ্গিনায়।