প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা ডেইলি মেইলে কলামিস্ট হিসেবে যোগ দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে কলাম লিখবেন তিনি। খবর এএফপির।
১৬ জুন ২০২৩, শুক্রবার এক বিবৃতিতে বরিস জনসনের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে ডেইলি মেইল। বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনি বরিসকে পছন্দ করুন কিংবা না করুন তার কলাম আপনাকে পড়তে হবে। সরকারি দলের ব্যক্তিবর্গ থেকে বিশ্বের লাখ লাখ মানুষ সবার জন্যই এটা প্রযোজ্য।’
গত ১০ জুন ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনার জেরে এমপির পদ থেকে পদত্যাগ করেন এই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। ২০২০–২১ সালে করোনা মহামারি চলাকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। সে সময় করোনার বিধিনিষেধ না মেনে তার কার্যালয়ে একাধিক পানাহারের আয়োজন করেন তিনি। এ ঘটনাকেই ‘পার্টি গেট’ কেলেঙ্কারি বলা হয়। এসব অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বরিস জনসন।
১৯৮৭ সালে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্র। কিন্তু কোনো এক প্রতিবেদনে মনগড়া মন্তব্য দেয়ার কারণে সেই চাকরি হারাতে হয় তাকে।
এরপর বিভিন্ন সময়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ও দ্য স্পেকটেটরে প্রতিবেদক ও কলামিস্টের কাজ করেছেন তিনি।
২০০১ সালে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন বরিস। ওই বছর এমপিও হন তিনি। তারপর থেকে সংবাদপত্রে তার ব্যস্ততা কমতে থাকে।