প্রবাস মেলা ডেস্ক: ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথভাবে সমগ্র বাংলাদেশব্যাপি বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার শাখারিয়া আসাদুজ্জামান আদর্শ বিদ্যালয়ে সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত বিনামূল্যে একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক সেখানে চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত শিবিরের উদ্দেশ্য ছিল, যে সকল সুবিধাবঞ্চিত মানুষ অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, যাতে কোন মানুষই অন্ধ হয়ে না যায়।
উক্ত ক্যাম্পে মোট ৭১৩ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৯৮ জন ছানি রোগী, ৩১৪ জন চশমার রোগী সনাক্ত করা হয়। উক্ত ক্যাম্পে মোট ২৪১ জন রোগীকে চশমা প্রদান করা হয় ও অবশিষ্ট রোগীদের আগামী ২৯ সেপ্টেম্বর শাখারিয়া আসাদুজ্জামান আদর্শ বিদ্যালয়ে চশমা প্রদান করা হবে। ৪০৫ জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ছানি রোগীদের আগামী ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সিটিউট ও হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে।
উক্ত চক্ষু শিবিরটি প্রয়াত ফারাজ আয়াজ হোসেন এর স্বরণে আয়োজন করা হয়। ফারাজ মানবতার জন্য যে অসম্ভব সাহস ও সর্বোচ্চ আত্মাহুতি দিয়েছেন তা আজ বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। পহেলা জুলাই ২০১৬ সালে হোলিআর্টিজান বেকারীতে সন্ত্রাসী আক্রমণের সময় জঙ্গীরা বাংলাদেশি মুসলমান হিসেবে ফারাজকে মুক্ত করে দেয়ার কথা বললেও তিনি তার বন্ধুদের জন্য তা প্রত্যাখ্যান করেন এবং চরম আত্মাহুতি প্রদানের মাধ্যমে সাহসীকতা, মানবতা ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আরএসসি ও ডিসিআই এই মূল্যবোধ সারা বিশ্বের যুব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত করতে চায়।

ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় উক্ত চক্ষু শিবিরের সফলতা কামনা করে বলেন, ‘ফারাজের স্বরণে চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো- হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব রওশন খান আইয়ুব। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। এছাড়াও উক্ত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা আনজু আরা ময়না, প্রধান শিক্ষক, নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়; জনাব মো: শাহাদত হোসেন, শিক্ষক, শাখারিয়া আসাদুজ্জামান আদর্শ বিদ্যালয়ে। ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষে জনাব তাহ্মিদ ইবনে মাজহার এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আর এস সি) পক্ষে জনাব হুমায়ন কবীর (রোহান), কমিউনিকেশন অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে চক্ষু শিবির পরিচালনা করেন। এছাড়াও উক্ত বিনামূল্যে চক্ষু শিবিরে অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ ও নানান পেশার মানুষ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।