প্রবাস মেলা ডেস্ক: ২২ জানুয়ারী ২০২৩ টরন্টোর স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার কবি, সাহিত্যিক, লেখক এবং টরন্টোর বাংলা পত্রিকার সম্পাদক ও বাংলা টিভি চ্যানেলের প্রধান নির্বাহীদের সমন্বয়ে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
শুরুতে সংগঠনের সভাপতি কবি মৌ মধুবন্তী আগত অতিথিদের গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তিনি সকলকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শেষমুহুর্তে আমাদের উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের অনেকেই আজকের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি’। এই পরিস্থিতিতে যে সকল লেখক ও সাংবাদিকগণ কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর সংগঠনের সচিব লেখক আলী আজগর খোকন একে একে নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টামন্ডলীর সকল লেখককে পরিচয় করিয়ে দেন। তিনি বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার ২০২৩ সালের কর্মসূচি সকলকে অবহিত করেন। এগুলো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রাইটটার্স ক্লাব কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক লেখক দিবস, বাংলা নববর্ষ উদযাপন। এবং টরন্টোতে একটি লেখক সমাবেশ আয়োজন করা হবে৷