প্রবাস মেলা ডেস্ক: অনলাইনে জুয়ার ওয়েবসাইটের সঙ্গে নাম জড়িয়েছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তিন নায়িকা জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে তাদের। পাশাপাশি শুভেচ্ছাদূতও হয়েছেন কেউ।
বিশেষ করে জয়া ও নুসরাত ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে দেখা গেলেও অপু বিশ্বাস হয়েছেন শুভেচ্ছাদূত। যদিও বিষয়গুলো নিয়ে এখন তাদের দাবি, ভুল তথ্যে এসব জুয়ার অ্যাপের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে। গত বছর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো।
গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার ওপর বিজ্ঞাপন/ প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলেও জানিয়েছে।
ভারতেও জুয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে- এমনটা জানালে ফারিয়া বলেন, আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে আমার জানা নেই।
অন্যদিকে, অপু বিশ্বাস শুভেচ্ছাদূত হয়েছেন ‘বাবু ৮৮’ নামের একটি বেটিং অ্যাপের। নতুন বছরের শুরুতেই নায়িকার একটি একটি ভিভিও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে ওই সাইটটি। যেখানে অপু বিশ্বাসকে তাদের শুভেচ্ছাদূত হিসেবে দেখা গেছে।