মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন, রিয়াদ, সৌদিআরব:
কখনো বিষাদে নীল হয়ে উঠে জীবনের ডায়েরী
ধূসর মেঘে ঢেকে যায় স্বপ্নীল আকাশ,
কখনো আবার আনন্দে মেতে উঠে শিরা-উপশিরা
বয়ে যায় প্রশান্তির স্নিগ্ধশীতল বাতাস।
কখনো চলার পথ হয় সাবলীল সুন্দরের ক্যাম্পাস
অজস্র বর্ণিল স্বপ্নের অনাবিল হাতছানি,
কখনো আবার সর্পিল সমস্যার বিস্তৃত জালের ফাঁদ
বিবর্ণ লাগে জোসনা রাতের চাঁদখানি।
কখনো অর্থময় হয়ে উঠে ব্যস্ততার প্রতিটি ক্ষণ
অভীপ্সা জাগে সম্মুখে এগিয়ে চলার,
কখনো আবার ব্যর্থতার নিরেট অন্ধকারে ডুবে যায়
পাশে থাকেনা কেউ কথা বলার।
কখনো পদ্যের মতো ছন্দময় নান্দনিক লাগে জীবন
সবকিছু যেন বোধগম্য সরল,
কখনো আবার মনে হয় ঘাত-প্রতিঘাতের উপন্যাস
সুখ-দুখের যৌগিক তরল!