শ্রাবণ রহমান, হামবুর্গ , জার্মানি থেকে: জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গের নিকটবর্তী স্টাডে (Stade) শহরে একটি সামাজিক সহায়তা কেন্দ্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়ায়।
পুলিশ জানায়, হামলাটি একটি যুব ও সামাজিক সহায়তা কেন্দ্র, যেখানে মা ও শিশুদের জন্য আবাসন সুবিধাও রয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে।
এ ঘটনায় অন্তত একজন প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আরও এক বা দুইজনকে জিজ্ঞাসাবাদের তথ্য পাওয়া গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তারা জানিয়েছে, বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই।
এদিকে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল সংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।