প্রবাস মেলা ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফ্যাকড-ক্যাব (ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সব দেশের দূতাবাস ও কনস্যুলেট বাংলাদেশে স্থাপনের দাবি জানানো হয়েছে।
ফ্যাকড-ক্যাবের কনভেনর আব্দুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এ কে এম রেজাউল করিম, ব্যারিস্টার মুনির হোসেন, আতিকুর রহমান এবং মো. সোলায়মান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. মামুন রানা।
বক্তারা বলেন, ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশের দূতাবাস ভারতে অবস্থান করায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভিসা ইন্টারভিউ দিতে ভারতে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি শিক্ষার্থীরা একধরনের মানসিক চাপের মুখোমুখি হন। ভারতের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা উচ্চশিক্ষার পথে বড় বাধা সৃষ্টি করছে।
তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের ভিসা আবেদন কেন্দ্র বাংলাদেশে চালু হয়েছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে সমস্যার স্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশের মাটিতেই ইউরোপীয় ইউনিয়নের সব দেশের দূতাবাস স্থাপন অত্যন্ত জরুরি।
সংগঠনটি সরকারের প্রতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। তারা সংবাদমাধ্যমের সহযোগিতাও কামনা করে এই উদ্যোগকে আরও কার্যকরভাবে তুলে ধরতে।
ফ্যাকড-ক্যাব বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।