প্রবাস মেলা ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরে সফরের সময় ‘ত্রিমুখী ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এস্কেলেটর, টেলিপ্রম্পটার ও সাউন্ড সিস্টেম নিয়ে ঘটনার তদন্ত চেয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তার ভাষণের আগে তিনটি বিপজ্জনক ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে এস্কেলেটর বন্ধ হয়ে যাওয়া, টেলিপ্রম্পটারে সমস্যা এবং সাউন্ড সিস্টেম বিকল হয়ে যাওয়া।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প একটি এস্কেলেটরে উঠার পরপরই সেটি হঠাৎ থেমে যায়। এতে তারা বাধ্য হন হেঁটে উপরে উঠতে।
ভাষণে তিনি যদিও হাস্যরস করে ঘটনাটি উড়িয়ে দিয়েছিলেন, একদিন পর বুধবার ট্রাম্প এটিকে অত্যন্ত অসৎ ষড়যন্ত্রমূলক ঘটনা বলে আখ্যা দেন এবং জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।
তিনি লিখেছেন, মেলানিয়া ও আমি কোনভাবে পড়ে যাইনি। শুধু মাত্র হাতল শক্ত করে ধরে রাখায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এটা ছিল শতভাগ পরিকল্পিত ঘটনা।
একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, জাতিসংঘের কর্মীরা নাকি আগে থেকেই এমন ধরনের এস্কেলেটর বন্ধ করার পরিকল্পনা নিয়ে ঠাট্টা করেছিলেন। তিনি আরও বলেন, যারা এটা করেছে, তাদের গ্রেপ্তার করা উচিত!
ট্রাম্প আরও দাবি করেন, তার ভাষণের সময় পুরো সাউন্ড সিস্টেম অচল হয়ে যায়, ফলে শ্রোতারা কেবল অনুবাদকদের হেডফোন দিয়েই কিছু শুনতে পারছিলেন না।
টেলিপ্রম্পটার নিয়েও অভিযোগ করে তিনি বলেন, সেটি ঠিকভাবে কাজ করেনি এবং পুরো বক্তব্য দিতে তার সমস্যা হয়েছে।
এই ঘটনায় জাতিসংঘ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, ট্রাম্পের প্রতিনিধিদলের এক ভিডিওগ্রাফার সম্ভবত ভুলবশত এস্কেলেটরের জরুরি স্টপ বাটন চাপেন।
টেলিপ্রম্পটার প্রসঙ্গে জাতিসংঘের আরেক মুখপাত্র ফারহান হক বলেন, সেটি ট্রাম্প দলের নিজস্ব ডিভাইস ছিল তাই এ বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ঘটনাগুলোকে অগ্রহণযোগ্য এবং একটি ভঙ্গুর প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেছেন, যা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেন।