রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: প্রবাসীদের জনপ্রিয় ম্যাগাজিন প্রবাস মেলা প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি সুপরিচিত ও প্রিয় নাম। জর্ডানসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর নিয়মিতভাবে তুলে ধরে আসছে এই ম্যাগাজিন।
জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস, জর্ডান এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কার্যক্রম প্রবাস মেলার প্রতিটি সংখ্যায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান-এর হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন জর্ডানের প্রবাস মেলা প্রতিনিধি রাশেদ কাদের।
উল্লেখ্য, রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান জর্ডানে বাংলাদেশের অষ্টম এবং বর্তমান রাষ্ট্রদূত। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাকিস্তানের করাচিতে ডেপুটি হাইকমিশনার হিসেবেও কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সিঙ্গাপুরের Nanyang Technological University থেকে এমবিএ সম্পন্ন করেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫তম ব্যাচে (১৯৯৮) পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি ফ্রান্স, কুয়েত ও সিঙ্গাপুরে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এবং বহিরাগত প্রচারের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।