
রাশেদ কাদের, জর্ডান থেকে: জর্ডানে নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহান ইরবিদের বিভিন্ন পোশাক কারখানার কর্তৃপক্ষের সাথে দেখা করে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। জর্ডানের সর্ববৃহৎ পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন্স এপ্যারেলস লিমিটেড কর্তৃপক্ষের সাথে আলোচনায় তিনি বাংলাদেশি শ্রমিকদের সার্বিক অবস্থার বিষয়ে অবগত হন এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের সহায়তার বিষয়ে দূতাবাস সচেষ্ট বলে জানান। উল্লেখ্য ক্লাসিক ফ্যাশন্স এপ্যারেলস লিমিটেড কারখানায় প্রায় পনের হাজার দক্ষ বাংলাদেশি পোশাক শ্রমিক কর্মরত রয়েছেন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান এরপর সেখানকার কয়েকটি ইউনিট ঘুরে দেখেন এবং কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন। একই দিন রাষ্ট্রদূত সেঞ্চুরি মিরাকল এবং বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যালাক্সি এপ্যারেলস ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন এবং সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে দূতাবাসের সহযোগিতা অব্যহত থাকবে বলে জানান। তিনি গ্যালাক্সি এপ্যারেলস কারখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশি শ্রমিকদের সাথে মতবিনিময়য় করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো: মনিরুজ্জামান এবং প্রথম সচিব মো: বশির। উল্লেখ্য, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রম বাজার সংকুচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জর্ডানের পোশাক শিল্পে প্রায় ৪৫ হাজার বাংলাদেশি কর্মরত আছে। এসকল শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো দূতাবাস পর্যালোচনা করছে এবং তা রক্ষণাবেক্ষণের জন্য কারখানা সমুহের কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। জর্ডানে বাংলাদেশি দক্ষ শ্রম বাজারের সংকোচন রোধে রাষ্ট্রদূত নাহিদা সোবহান বিভিন্ন মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে বিভিন্ন সুত্রে জানা যায়। চলমান কারফিউ অবস্থার মধ্যেই একদিকে দূতাবাস খাদ্য সঙ্কটে থাকা বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা প্রদান করছে এবং অন্য দিকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশি শ্রম বাজার সুরক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।