রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, আম্মান যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে। সকালে রাষ্ট্রদূত নাহিদা সোবহান জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় জর্ডান প্রবাসী বাংলাদেশীগণ এবং দূতাবাসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ৭ মার্চ এর তাৎপর্যের উপর বিশেষ আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভায় রাষ্ট্রদূত এর সাথে প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত নাহিদা সোবহান তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা বোনদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ শুধু বাংলাদেশের জন্যই ঐতিইহাসিকভাবে গুরুত্বপূর্ন নয় বরং পৃথিবীর জন্য গুরুত্বপূর্ন যেহেতু এর মাধ্যমে প্রকারান্তরে জন্ম হয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের। তিনি বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস হিসেবে উল্লেখ করে এই ভাষণের উদ্দিপনাকে সকলের মাঝে ধারন ও লালন করার আহবান জানান। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।