প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশে কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে সরকারি দুটি সার্ভার থেকে নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’ হয়েছে বলে জানতে পেরেছে নির্বাচন কমিশন। এর আগে সরকারি ওয়েবসাইট থেকে কয়েক লাখ নাগরিকের নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’ হওয়ার খবর প্রকাশিত হয়।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেছেন, “প্রাথমিকভাবে দুইটা ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে যেখান থেকে তথ্য ফাঁস হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং আমাদের ভূমি মন্ত্রণালয়ের সার্ভার।”
তবে, নির্বাচন কমিশনসহ সরকারের একাধিক সংস্থা দাবি করেছে, এ ঘটনা হ্যাকিং নয়, এবং নির্বাচন কমিশনের ডাটাবেস সুরক্ষিত রয়েছে।
এদিকে, সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম – বিজিডি-ইগভ সিআইআরটি-সার্ট ৮ জুলাই ২০২৩, শনিবার সিচ্যুয়েশনাল অ্যালার্ট জারি করেছে।
বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।