প্রবাস মেলা ডেস্ক: ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে।’
রোববার দিনগত (২৪ নভেম্বর) রাত ১টার পর থেকেই সারাদেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা।
অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনটি সারাদেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নিয়েছে তারা।
বাসে করে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ লোকজনেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। তাদের বেশিরভাগই জানে না এখানে কি হবে। শুধু জানে শাহবাগে আসলে লোন পাওয়া যাবে।
এছাড়া গতকাল রবিবার রাত ১০:০০ টার দিকে চাঁদপুর সদরে ট্রাক রোড বিআইডব্লিউটি ঘাট থেকে ১টি লঞ্চ রিজার্ভ করে সবাইকে ৫০০ টাকা করে নগদে দিয়ে লোনের প্রলেবন দেখিয়ে ঢাকায় আসার সময় আটক করা হয়েছে। শুধু তাই নয় গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ সারাদেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে। এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে প্রতারণার করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানা গেছে।