প্রবাস মেলা ডেস্ক: চীনা ও কোরীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে এবং দ্রুত বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ প্রাতরাশ বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।
অধ্যাপক ইউনূস বলেন, “গত আট মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সহজ করার চেষ্টা করা হয়েছে এবং এখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না।” তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন করে নেওয়া বাণিজ্য ও শ্রম নীতি পরিবর্তন বাংলাদেশের জন্য আরও বিদেশি বিনিয়োগ আনবে এবং চীনা ও কোরীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের সুযোগ তৈরি করবে।
প্রধান উপদেষ্টা বলেন, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) প্রতি মাসে কোরীয় ও চীনা বিনিয়োগকারীদের জন্য প্রাতরাশ বৈঠক আয়োজন করবে। তিনি জানান, এই বৈঠকগুলোতে তিনি নিজেও অংশগ্রহণ করবেন এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা শোনার চেষ্টা করবেন।
এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি হটলাইন সেবা চালু করার প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস, যাতে তারা সহজে তাদের সমস্যা জানানোর সুযোগ পাবেন।
চীনা বিনিয়োগকারীদের প্রতিনিধি দলের মধ্যে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানি’র ভাইস প্রেসিডেন্ট পলিন নানসহ ৩০ জন শীর্ষ চীনা ব্যবসায়ী ছিলেন। তাঁরা চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মংলায় নতুন চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান।
প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক বেইজিং সফরের বিষয়ে বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাংলাদেশে আরও বিনিয়োগকে উৎসাহিত করবে।
বৈঠকে অংশগ্রহণকারী কয়েকটি চীনা কোম্পানি বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন এবং নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।