প্রবাস মেলা ডেস্ক: চীনে সংবেদনশীল প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগে আংশিক নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সরকারের একটি সূত্রের বরাতে জানিয়েছে, বুধবার এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করবে হোয়াইট হাউজ। এই পরিকল্পনার লক্ষ্য হলো মার্কিন পুঁজি ও দক্ষতা যেনও চীনের সেনাবাহিনীর আধুনিকীকরণে ব্যবহৃত না হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ঠেকানো।
এর আগে শুক্রবার রয়টার্স জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই দীর্ঘ প্রতিক্ষীত নির্বাহী আদেশ জারি করতে পারেন। এতে চীনে সংবেদনশীল প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা থাকবে। সরকারের একটি সূত্র জানিয়েছে, বুধবার এই নির্বাহী আদেশ জারি করা হতে পারে। মঙ্গলবার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কয়েক মাস ধরে বলে আসছিলেন চীনে মার্কিন বিনিয়োগে বিধিনিষেধের নিশানা হবে সংকীণ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান এপ্রিলে বলেছিলেন, এগুলো হবে পরিমিত পদক্ষেপ। এগুলো বেইজিংয়ের কথা মতো ‘প্রযুক্তি অবরোধ’ হবে না। ধারণা করা হচ্ছে, বেসরকারি ও ভেঞ্চার ক্যাপিটাল এবং জয়েন্ট ভেঞ্চার কোম্পানির বিনিয়োগে বিধিনিষেধ জারি হতে পারে। খাতগুলোর মধ্যে থাকতে পারে সেমিকন্ডাক্টার, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা। সূত্র জানিয়েছে, এসব খাতে যেকোনও অর্ডারের ক্ষেত্রে সরকারকে অবহিত করতে হবে। কিছু ক্ষেত্রে লেনদেন নিষিদ্ধ থাকবে।
বাইডেনের আদেশ প্রস্তাবিত নিয়ম প্রণয়নের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেবে বলে ধারণা করা হচ্ছে। এটি অবিলম্বে কার্যকর হবে না বলে আশা করা হচ্ছে। বিধিনিষেধ চূড়ান্ত হওয়ার আগে শিল্পখাতের প্রতিক্রিয়া বিবেচনা করার জন্য কিছু সময় দেওয়া হবে।