প্রবাস মেলা ডেস্ক: জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১২ সালের ৫ অক্টোবর ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। আর নিজের প্রথম সিনেমাই তাকে খ্যাতি এনে দেয়। অল্প সময়ের মধ্যে শীর্ষ নায়িকাদের একজনে পরিণত করেন নিজেকে।
দর্শকপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন আজ। ১৯৯৩ সালে আজকের দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মায়ের আদরের মেয়ে মাহি ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গেই সম্পৃক্ত ছিলেন। আর তারই বিকাশ ঘটে ২০১২ সালে চলচ্চিত্রের নাম লিখিয়ে। মাহির পরিবারের দেয়া নাম শারমিন আক্তার নিপা। তবে সবাই তাকে মাহিয়া মাহি নামেই চেনেন। তার পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিন।
মাহি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশুনা করেন।
নয় বছরের ক্যারিয়ারে মাহি অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। মাহি বর্তমানে বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। আজ এই অভিনেত্রী জন্মদিনে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।