মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: সাহিত্য একাডেমী চাঁদপুরের ৬৮তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে আসর শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়।
একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপ্রধানে সাহিত্য আসরে অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গল্পকার মোঃ মঈনুল হাসান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন লোকগবেষক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হাসান তাঁর বক্তব্যে বলেন, শৈশব-কৈশোরে নজরুলের ছড়া কবিতা পড়ে বড় হয়েছি। তাঁর কবিতা আমাদের উদ্দীপ্ত করেছে, এখনো করছে। তাঁর সাহিত্যকর্ম জাতিকে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, জীবনকে আশ্রয় করে সাহিত্য রচনা হয়। সাহিত্যে সমাজের প্রতিবিম্ব থাকে। তাই সাহিত্য পাঠে সমাজবাস্তবতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। আমার লেখা গল্পে চাঁদপুরের মাটি ও মানুষের কথা রয়েছে। চাঁদপুর আমাকে নানাভাবেই সমৃদ্ধ করেছে। তিনি সাহিত্য আসরের সাফল্য কামনা করেন।
ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আগস্ট বাঙালি জাতির শোকের মাস। আজকের সাহিত্য আসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু কেবল একটি নাম নয়, তিনি ইতিহাস। তাঁকে ঘাতকরা হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। তাঁর অবদানকে মুছে ফেলা যায়নি। বঙ্গবন্ধু তাঁর কর্ম ও সংগ্রামের মধ্য দিয়ে মহান হয়ে উঠেছেন। জাতি তাঁর অবদানকে ভুলে নি। আমরা যদি প্রত্যেকে দেশের জন্যে কাজ করি তবেই তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে। লেখকদেরও এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।
প্রকৌঃ মোঃ দেলোয়ার হোসেন বলেন, কবি কাজী নজরুল ইসলামকে ভাগ করা যায় না। তিনি আমাদের শিল্পসংস্কৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি বাংলা সাহিত্যে সমৃদ্ধি এনে দিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম আমাদের সমৃদ্ধিতে পৌছে দেয়। নজরুল আমাদের হৃদয়কে বড় করেছে। আমাদের অন্তর্গত যে সাহস রয়েছে, সেই সাহসকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর কর্মের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইলো।
কবি ও প্রাবন্ধিক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আসরে কবিতা পাঠ করেন কবি ইকবাল পারভেজ, খান-ই-আজম, আলিজা হোসেন, আরশাদ খান, কবির হোসেন মিজি, ফয়সাল মৃধা, আনিস আরমান ও হাসান বেপারী। স্মৃতিকথা পাঠ করেন প্রবাসী লেখক ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন প্রবীণ লেখক তছলিম হোসেন হাওলাদার, শিক্ষক আব্দুল মালেক, মুহাম্মদ ফরিদ হাসান প্রমুখ।
আসরে শিক্ষা মন্ত্রণালয়ে সদ্য বদলি হওয়া চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গল্পকার মঈনুল হাসানকে একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও আসরে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের প্রকাশনা ‘অর্ঘ্য’ সাহিত্যকর্মীদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, আগামী সাহিত্য ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।