রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি:
বরাবরই রোগীদের ভোগান্তি দূরীকরণে সিএমপি ও বিদ্যানন্দের ব্যাতিক্রম ও মহৎ উদ্যোগ গ্রহণ করে থাকে। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামে চালু হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ফিল্ড হাসপাতাল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে নগরীর পতেংগায় অবস্থিত বি কে কনভেনশন সেন্টারে অস্থায়ী ভিত্তিতে ফিল্ড হাসপাতালটি চালু হবে।
১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে থাকবে ২০টি হাই ফ্লো অক্সিজেন সুবিধা সংবলিত বেড। ১২ জন চিকিৎসক, ১৮ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণীক চিকিৎসা ও সেবার দায়িত্বে। এছাড়াও রোগীদের যাতায়াত সুবিধায় থাকবে সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স সার্ভিস। নগরীর জনসাধারণ এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা টেস্ট করতে পারবে। আক্রান্তরা চিকিৎসা সেবাও পাবেন বিনামূল্যে।একটি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের মাধ্যমে প্রতিটি বেডে থাকবে অক্সিজেন সংযোগ।

এ বিষয়ে, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে ও সিএমপির সহযোগিতায় এ অস্থায়ী ফিল্ড হাসাপাতাল চালু হতে হচ্ছে। নগরের জনসাধারণ এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা টেস্ট করতে পারবেন। এছাড়া আক্রান্ত হলে চিকিৎসা সেবাও পাবেন বিনামূল্যে। তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। তাই সাধারণ মানুষের চিকিৎসা ও জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্থাপন করা হচ্ছে এই বিশেষ ফিল্ড হাসপাতাল। সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত হওয়ার পর এখানের রোগী ছাড়পত্র পাবে।