রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বছর ঘুরে আসার সাথে সমান্তরালে দৌড়ে চলেছে বিইসিপি। শরতের আগমণে আর শীতের শুরুতে চট্টগ্রামে যেন উদ্যক্তাদের পণ্য প্রদর্শনী আর মিলনমেলা যেন তাদের এগিয়ে চলার সাথী। এরই ধারাবাহিকতা ধরে রেখে চট্টগ্রামে বেস্ট-ই কমার্স প্লাটফর্ম ৪র্থ বারের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করে ‘বিইসিপি মিনি এক্সপো- ২০২১’।
চট্টগ্রামের স্থানীয় একটি রেস্টুরেন্টে গত শুক্রবার উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয় এই মিনি এক্সপো। উদ্যাক্তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করে এডমিন প্যানেল। এবার মেলায় মোট ২৫টি স্টল রাখা হয়েছিল, তার মধ্যে কাপড়, প্রসাধন সামগ্রী, খাবার, অর্গানিক খাবার, গৃহ সজ্জার সামগ্রী, স্কিন কেয়ার, জুয়েলারী এবং ইন্টেরিয়র ছিল।
মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীরা বলেন, ‘অনেকদিন যাবৎ বাহিরে তেমন কোনো মেলাতে যাওয়া হয়নি।বাসায় অনেকটা এক ঘেয়ামি হয়ে পরেছিলাম আজ এখানে এসে খুব ভালোই লাগছে। সকলের জন্য উন্মুক্ত থাকায় বিইসিপির মিনি এক্সপোতে এসে খুব ভালো লাগছে। আমাদের সমাজের নারীরা এখন আর পিছিয়ে নেই। তারাও চেষ্টা করে করে যাচ্ছে সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে, তা মেলা ঘুরে দেখলেই বুঝা যায়। অবশ্যই এটা অনলাইনের একটি আর্শিবাদ ও একটি প্ল্যাটফর্মের সহযোগিতা।
বিইসিপির এডমিন প্যানেলের পক্ষ থেকে তানিয়া ইসলাম জানান, আমাদের বিইসিপি গ্রুপের যারা অনেকদিন ধরেই অনলাইনে কাজ করছেন, তারা তাদের পন্যগুলোকে সামনা সামনি উপস্থাপন করার জন্য কোন সুযোগ পাচ্ছিল না। যার কারণে আমরা এই মেলার আয়োজন করি, যেন ক্রেতাগন সরাসরি তাদের পণ্য সমূহ দেখার সুযোগ পায়, তাদের মাঝে বিশ্বস্ততা বাড়ে। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে মেলার আয়োজনের উদ্যোগ নিব।যেখানে চট্টগ্রামের সবার জন্য উন্মক্ত থাকবে।