রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় সংগীত ও একঝাঁক বেলুন আকাশে উড়িয়ে দেয়ার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো দিনব্যাপী বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা ২০২১।
‘সৃষ্টির আনন্দে তারুণ্য’ স্লোগানে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন হয়। আয়োজনের উদ্বোধন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশীদ ও জন হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের প্রোডাকশন অ্যাসোসিয়েট সৈয়দা লতিফা শারমিন।
উদ্বোধনী আয়োজনে কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর বন্ধুদের এমন মিলনমেলা দেখে বেশ ভালো লাগছে। বন্ধুদের প্রাণশক্তি আমাদের সবাইকে উজ্জীবিত করে। আশা করছি এ ধরণের আয়োজনের মাধ্যমে বন্ধুরা আরও বেশি প্রাণশক্তি পাবে। বন্ধুরা সবাই মিলে এক যোগে কাজ করলে এগিয়ে যাবে বাংলাদেশ।
উদ্বোধনের পরে শিল্পকলার মঞ্চে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এরপর শুরু হয় লেখালেখিবিষয়ক কর্মশালার আয়োজন। পর্যায়ক্রমে এক এক করে সকল বিভাগের দিনব্যাাপী কর্মশালার ক্লাস শুরু হয়।এ আয়োজনে মোট আটটি বিষয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় আয়োজকরা বলেন, আগামীর প্রজন্মকে গড়ে তোলার জন্য এই আটটি বিষয়ের উপর আলাদা আলাদা ক্লাস ও কর্মশালা আয়োজন করা হবে। যে বিষয়গুলি অন্য কোথাও কোর্স করতে গেলে তা অনেক ব্যয়বহুল। এইসব ব্যয়বহুল জ্ঞান অর্জনের কোর্সগুলি থাকছে বন্ধুসভার বন্ধুদের জন্য। বন্ধুরা কখনো ঝিমিয়ে থাকেন না তা প্রমাণ হয়েছে পেনডামিক সময়ে। কোভিড -১৯ এর মহামারীর খারাপ অবস্থায় অনলাইনে ও ফেইসবুকে লাইভে গিয়ে সবার সাথে যোগাযোগ রেখে মানসিক আস্থা-ভরসা জুগিয়েছে বন্ধুসভা।
এ ছাড়াও ছিল চট্টগ্রাম বিভাগ থেকে আগত বিভিন্ন বন্ধুসভার অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। চট্টগ্রাম বিভাগীয় কর্মশালার এ আয়োজনে চট্টগ্রাম বিভাগের ১৮টি বন্ধুসভার ২৫০ জন বন্ধু অংশ নিয়েছে।