প্রবাস মেলা ডেস্ক: সারাদেশে জেঁকে ধরেছে শীত। হিম হিম ঠান্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে দেশের নিম্ন আয়ের মানুষকে। এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে একটু উষ্ণতা দিতে প্রতিবছরের মতো এবারও সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল লন্ডন ভিত্তিক সামাজিক সংগঠন গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে।
১৭ ডিসেম্বর ২০২২ খুলনা সার্কিট হাউসে অসহায় ও দুস্থ এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব ও নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) শেখ ইউসুফ হারুন। লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র সভাপতি আইনজীবী এমদাদুল হক চঞ্চল।

সংগঠনের সাধারণ সম্পাদক তোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন, গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম ও সাবেক আহবায়ক কমিটির প্রধান এস এম সিপার।
শীতবস্ত্র বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ইউসুফ হারুন প্রবাস থেকেও দেশের অসহায় মানুষের জন্য প্রতিবছরের মতো এবার শীত বস্ত্র বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে এ ধরনের কার্যক্রম যেন অব্যাহত রাখে সে জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এই সিনিয়র সচিব।

গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র পক্ষে বাংলাদেশে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবক মহিদুল হক শান্ত। এছাড়া লন্ডন থেকে সংগঠনের পক্ষে সহযোগিতা করেন নাহিদ নেওয়াজ রানা, মাকসুদ আহমেদ সুমন, কাইয়ুম হাসান স্বপন, সুলতানা শেখ, আশিক মোহাম্মদ ভানী, মতিয়ার রহমান, অহিদুজ্জামান রুমু, এনামুল হক প্রমুখ।