নিরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস থেকে:
ঈদ উল আযহার নামাজ উপলক্ষে এথেন্সের প্লাতিয়া কুমুদূরু পরিণত হল বাংলাদেশিদের মিলন মেলায়। যেন একখন্ড বাংলাদেশ। মহাসমারোহে পালিত হল ঈদ উল আযহা। সব শ্রেণী, পেশাজীবি প্রবাসীরা এখানে স্বতঃস্ফূর্ত ভাবে নামাজ আদায় করে। পাশাপাশি বড় বড় কিছু মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি জনাব আব্দুল কুদ্দুস ও সিনিয়র সহসভাপতি জনাব আহসান উল্লাহ হাসান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নামাজের মাঠে সরকারি নিয়ম ও করোনার বিধিনিষেধ মেনে নামাজ আদায় করার অনুরোধ জানান ও সকলকে ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন। মান্যবর রাষ্ট্রদূত ট্রান্সফার হয়ে যাওয়ায় তিনি তার সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য প্রদান করেন ও সকলকে ঈদ অভিনন্দন জানান।

ইমাম সাহেব বিশেষ খুতবা ও কোরবানীর তাৎপর্য ব্যাখ্যা করেন । মোনাজাতে করোনা মুক্ত বিশ্ব, বন্যামুক্ত বাংলাদেশ, গ্রীসের ক্যাম্পে বন্দী বাংলাদেশিদের মুক্তি সহ সকল মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। নামাজ শেষে অনেককে হাত মিলিয়ে কুশলাদি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেলেও, করোনাজনিত নিরাপত্তার কারণে কাউকে কোলাকুলি করতে দেখা যায়নি। সরকারি নির্দেশনা ও বিধিনিষেধ মেনে সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করার জন্য জনাব শাহ্ নূর রিপন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন