প্রবাস মেলা ডেস্ক: প্রবাসে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এসব মৃত্যু অনেকটাই নিয়তিতে পরিণত হয়েছে। বেশিরভাগ প্রবাসী মারা গেছেন স্ট্রোক, হতাশা ও দুর্ঘটনায়। মৃত্যুর কারণ অনুসন্ধান করে বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে, নারীদের ক্ষেত্রে আত্মহত্যা ও পুরুষদের হৃদরোগে মৃত্যুহার অনেক বেশি। অল্প বয়সীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর বিষয়টি ভাবনার।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং ধার-দেনা করে বিদেশ যাওয়ায় টাকা উপার্জনে মানসিক চাপে ভোগেন তারা। অনেকেই কড়া সুদে পরিবার, ব্যক্তি কিংবা এনজিও থেকে ঋণ নিয়ে বিদেশে গমণ করেছেন। বিদেশে গিয়ে টাকা পরিশোধের চাপে হতাশায় স্ট্রোক করেন এসব প্রবাসী।
এদিকে ইউরোপের দেশ গ্রিসেও বেড়েই চলছে বাংলাদেশিদের অপ্রত্যাশিত মৃত্যুর সংখ্যা। এথেন্স দূতাবাস সূত্রে জানা গেছে, গ্রিসে ২০১৫ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত মোট ১০৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। ২০২০-২১ অর্থবছরে ৪৫ জন এবং ২০২১-২২ অর্থবছরের সর্বশেষ তিন মাসে ১৮ জন প্রবাসী মারা গেছেন।