প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি বাংলাদেশের আলোচিত রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সংবিধান সংস্কারের ৭ দফা দাবী গণমাধ্যমে তুলে ধরেছে। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবী তুলে ধরা হয়। এর মধ্যে দলটি জানিয়েছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা এবং শাসন ক্ষমতায় ভারসাম্য ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য তাদের প্রণীত ৭ দফা দাবী অনেক গুরুত্ব বহন করে। তাদের দাবীগুলো হলো:
১। নির্বাচকালীন নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাঠামো প্রবর্তন।
২। দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং উচ্চ ও নিম্ন কক্ষের মধ্যে কক্ষের ভারসাম্য প্রণয়ন।
৩। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার। বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার।
৪। ক) নিম্ন আদালতসহ বিচার বিভাগকে নির্বাহী বিভাগের কর্তৃত্ব থেকে মুক্ত করা এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন।
খ) সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ।
গ) আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের আইন সংস্কার এবং গণমুখী প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয় আইনি বিধান।
৫। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতার বিধান। বিকেন্দ্রীভূত শাসনব্যবস্থার লক্ষ্যে প্রাদেশিক শাসন কাঠামোর প্রবর্তন।
৬। বাজেট প্রণয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষমতাসহ শক্তিশালী ‘স্থানীয় সরকার ব্যবস্থা’ প্রতিষ্ঠা।
৭। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গীয় পরিচয় ও শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদার সাংবিধানিক গ্যারান্টি এবং দেশের অর্থনৈতিক ও ব্যবস্থাপনাগত আয়োজনে প্রাণ-প্রকৃতির সুরক্ষা নিশ্চিতের আইনী বিধান।
উল্লেখ্য, গণসংহতি আন্দোলন দলটি ২৯ আগস্ট ২০০২ সাল ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ দিয়ে যাত্রা শুরু করে। দলটি যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশে ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগানের মাধ্যমে পরিবর্তনকামী প্রগতিশীল রাজনৈতিক শক্তি সমূহের ঐক্য গড়ে তুলতে সচেষ্ট আছে। গণসংহতি আন্দোলন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী এডভোকেট আব্দস সালাম।