প্রবাস মেলা ডেস্ক: জনগণের আকাঙ্ক্ষার পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিতে সহায়তা করতে প্রস্তুত মার্কিন আইন প্রণেতারা। বিষয়টি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন মার্কিন সিনেটর বেন কার্ডিন, সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর ক্রিস মারফি, ক্রিস ভ্যান হোলেন এবং জেফ মার্কলে।
চিঠিতে তারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব গ্রহণের জন্য ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে ব্যাপক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দাবিতে বিক্ষোভের প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতার জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছেন।
এছাড়াও সিনেটররা কক্সবাজারে হিন্দু ধর্মাবলম্বী ও রোহিঙ্গা শরণার্থীসহ দুর্বল সম্প্রদায়ের ওপর হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী আইন প্রয়োগের পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আইনপ্রণেতারা লিখেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহে বিশ্ব প্রত্যক্ষ করেছে যে, কীভাবে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে যৌথ পদক্ষেপের রূপান্তরকারী শক্তি প্রদর্শন করেছে।’ এই রূপান্তরটি প্রতিষ্ঠানের সংস্কার, মানবাধিকার রক্ষা এবং শাসনে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ উপস্থাপন করে।’