মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: “যেখানে ভালোবাসা, সেখানেই ঈশ্বর— যেখানে মানবসেবা, সেখানেই সৃষ্টির সবচেয়ে পবিত্র সত্য”— এই মানবিক চেতনাকে ধারণ করে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশে তাদের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
তীব্র শীতের কনকনে ঠান্ডায় যখন দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। তাদের আর্থিক সহযোগিতায় খুলনার দৌলতপুর এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
সেন্ট বেনেডিক্ট চার্চ, দৌলতপুর-খুলনা ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার গাব্রিয়েল শিশির প্রেমানন্দ (ওএসবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিয়ান ফাদার কার্লোস রুবীনি (ওএসডি)— জুবলি বাইবেলের লেখক, বিশিষ্ট সমাজসেবক উইলিয়াম সসীম রায় এবং কামাল হোসেন জোয়ারদার।
অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের সবচেয়ে অবহেলিত ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম। শীতের সময় একটি কম্বল শুধু শরীরের উষ্ণতা নয়, অসহায় মানুষের মনে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতিও জাগিয়ে তোলে।
এ সময় তাঁরা ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্ক রায় ও তাঁর সহধর্মিণী প্রনতি ক্রুশ, সভাপতি যোসেফ ডি’ কস্তা, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, দপ্তর সম্পাদক টুটুল ভি. গমেজ, নির্বাহী সদস্য সানি মল্লিক, লিন্ডা গামসালভেজ, বিভাস বাড়ৈসহ সংগঠনের অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠান চলাকালে অতিথিরা নিজ হাতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় অনেক শীতার্ত মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। কম্বল পেয়ে তাঁরা জানান, তীব্র শীতে এই সহায়তা তাঁদের জন্য আশীর্বাদের মতো। অনেকেই বলেন, এই কম্বল না পেলে শীতের রাতগুলো কাটানো অত্যন্ত কষ্টকর হয়ে উঠত।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে SWIT (Social Welfare Improvement Trust)। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।
ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্ক রায় বলেন, তাদের সংগঠন দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, “আজ ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন একটি সম্ভাবনার আলো, একটি স্বপ্নের সেতুবন্ধন ও মানবতার বাতিঘর। আমাদের প্রত্যেক সদস্য একটি আলো বহন করে— যে আলো দূর করবে হতাশার অন্ধকার, ছড়াবে শান্তি, ভালোবাসা ও ঐক্যের সুর।”
সংগঠনের মানবিক কার্যক্রমে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকলকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।