মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত ৮ মার্চ ২০২৬ নিহত বাচ্চু মিয়ার প্রথম নামাজে জানাজা ২৭ মার্চ শুক্রবার বাদ জুমা আলখারজের জামে মুহাম্মদ আল উসমান মসজিদে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা আলনাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে আলখারজ শহরের আলনাসফা কবরস্থানের ২২ নম্বর সারির প্রথম কবরে তার মরদেহ দাফন করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন জানাজা ও দাফনকার্যে অংশগ্রহণ করেন।
এ সময় দূতাবাসের কর্মকর্তারা, কোম্পানি কর্তৃপক্ষ, মৃতের সহকর্মী এবং আলখারজ অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।