প্রবাস মেলা ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ করা হয় চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ক্যাসিনো সিনেমার টিজার। কিন্তু তখনও সিনেমাটির মুক্তির বিষয়ে জানানো হয়নি। অবশেষে নির্মাতা সৈকত নাসির জানালেন সিনেমাটির মুক্তির তারিখ। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।
জানা গেছে, ঈদে সিনেমাটি মুক্তির জন্য ইতোমধ্যে প্রচারণায় অংশ নিয়েছেন সিনেমাটির কলাকুশলীরা। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি হলে এসে দেখার আহ্বান জানানো হচ্ছে।
নিবর বলেন, সিনেমাটি অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু কোভিডসহ নানা জটিলতার কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি। অবশেষে সিনেমাটি ভালো একটা সময় মুক্তি পেতে যাচ্ছে। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।
সৈকত নাসির জানান, ‘সিনেমাটি বানিয়েছি দর্শকের কথা চিন্তা করে। কেননা, দর্শকরা আমার নির্মাণ সম্পর্কে জানেন। তাই হলে দর্শক আসেন। ঈদে সিনেমাটি দর্শকরা দেখলে আবারও দ্বিতীয়বার দেখার জন্য হলে আসবেন।’
সিনেমাটিতে নিরব ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। সিনেমাটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রনাট্য করেছেন আসাদ জামান।