প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি কোলকাতা’র বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী ও সমাজকর্মী গোপা মুখার্জী বাংলাদেশে বেড়াতে আসেন। অনেক ব্যস্ততার মাঝেও তারা আমন্ত্রিত অতিথি হয়ে এক সন্ধ্যায় প্রবাস মেলা পত্রিকার অফিস ভিজিট করেন। তারা চা-চক্র, আড্ডায়, আলোচনায় প্রবাস মেলা’র কলাকুশলীদের সাথে তুলে ধরেন এপার বাংলা ও ওপার বাংলা’র শিল্প সংস্কৃতির নানা বিষয়। এসময় লোকসঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী তার সুললিত কণ্ঠে কয়েকটি গান গেয়ে শোনান। উপস্থিত সদস্যদের অনুরোধে গোপা চক্রবর্তী এবং আমন্ত্রিত আরেক অতিথি ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান গান পরিবেশন করেন। এসময় প্রবাস মেলা অফিসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সময়স্বল্পতার আক্ষেপ নিয়ে অতিথিরা বিদায়ের জন্য প্রস্তুত হন। যাবার কালে তাদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শহীদ রাজু। ঐদিন আড্ডায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও সমাজকর্মী মো: মুত্তালিব হোসেন মিন্টু।
উল্লেখ্য, রীতা চক্রবর্তী থাকেন কোলকাতার রাসবা এলাকায়। তিনি ভারতের একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। তিনি ভারতীয় ১০টি ভাষায় গান গাইতে পারেন। তার পরিবেশিত গানে তিনি বাংলার লোকসঙ্গীতের সুরমূর্ছনা ছড়িয়ে দেন দর্শকশ্রোতাদের প্রাণে। এছাড়া তিনি গান নিয়ে বেশ গবেষণাও করছেন। বাংলার জঙ্গলমহলের ৬টি জেলার আদিবাসীদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। লুপ্তপ্রায় লোকবাদ্যযন্ত্র সংগ্রহ তার নেশা। রীতা চক্রবর্তী একজন পরিশ্রমী সংগঠক। তিনি জঙ্গলমহল উদ্যোগ সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান এর সমন্বয়ে গঠিত ত্রিদেশীয় সংগঠন ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান পিপলস ফোরাম’ এর সাংস্কৃতিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে গোপা মুখার্জী কোলকাতার রাজবিহারী এ্যাভিনিউ এর বাসিন্দা। একাধারে তিনি একজন সংগঠক, শিক্ষিকা ও সমাজসেবী। অনেকগুলো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি যুক্ত আছেন। তিনি ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান পিপলস ফোরাম’ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন (ভারত), ইছামতি রুরাল ডেভেলোপমেন্ট সোসাইটি’রও (পশ্চিমবঙ্গ) সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ন্যাশনাল সোসিও কালচারাল ফোরাম (কোলকাতা) এবং সুচিন্তানন্দ বিএড কলেজ এর সহ-সভাপতি এবং দর্শনানন্দ প্রাইমারী বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।