কোলকাতা, ভারত প্রতিনিধিঃ সম্প্রতি কোলকাতা সফরে এসেছিলেন বাংলাদেশের আবৃত্তিশিল্পী, টিভি উপস্থাপক ও প্রবাস মেলা পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ। সফরকালে এক বিকেলে তার সাথে কোলকাতার শিল্প-সংস্কৃতি অঙ্গনের গুণীমানুষ বাচিক শিল্পী ও কথামঞ্জরী গড়িয়া’র কর্ণধার সায়ন্তনী বসু সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সায়ন্তনী বসু ও কবি বেবী বালা তাদের সংগঠন এর পক্ষ থেকে মামুন ইমতিয়াজকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের স্মারক, মিষ্টি এবং বেবী বালা র লেখা কবিতার বই ‘এক স্বর্ণালী সন্ধ্যায়’ উপহার দেন| সাক্ষাৎকালে তারা দুই বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন| আলোচনার এক ফাঁকে তিনি সায়ন্তনী বসুর হাতে প্রবাসমেলার সৌজন্য কপি তুলে দেন|

উল্লেখ্য সায়ন্তনী বসু কোলকাতার একজন বিশিষ্ট বাচিক শিল্পী ও সংগঠক। তিনি নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরেই এই কণ্ঠ নির্ভর শিল্পের নানান আঙ্গিক এর সঙ্গে যুক্ত। তাঁর সংগঠন কথামঞ্জরী গড়িয়াও এই শিল্পের নানান আঙ্গিক নিয়ে নিয়মিত কাজ করে চলেছে। কলকাতার ছোট থেকে বড়, সরকারি, বেসরকারি বিভিন্ন মঞ্চে ও সভাঘরে তিনি নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত থাকেন কলকাতার সনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সায়ন্তনী বসু পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংষ্কৃতি দপ্তরের অনুমোদিত বাচিক শিল্পী ও সঞ্চালক। বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাবলী বিশেষতঃ ভাষা আন্দোলনের উপরে তাঁর সংগঠন বেশ কয়েকবার কলকাতার গুরুত্বপূর্ণ মঞ্চগুলোতে প্রশংসনীয় ভাবে কাজ করেছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এর আধিকারিকগণ।
প্রসঙ্গত, মামুন ইমতিয়জের সাথে আলাপকালে সায়ন্তনী বসু বলেন, তার সংগঠনসহ কোলকাতার সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন খবর সঠিক সময়ে বাংলাদেশ ও কোলকাতার পাঠকদের কাছে পৌঁছে দিতে প্রবাসমেলা বিশেষ ভূমিকা রাখছে। এজন্য তিনি মামুন ইমতিয়াজের মাধ্যমে প্রবাস মেলা পরিবারকে ধন্যবাদ জানান এবং প্রবাস মেলার আরও সাফল্য কামনা করেন।