বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: প্রতিবছরের মত এ বছরও পাঁচ দিনব্যাপী পৌষ মেলা উৎসব শুরু হলো ডায়মন্ড হারবার রোডের ধারে শিক্ষানগরী নলেজ সিটিতে। শান্তিনিকেতনের আদলে গড়ে ওঠা এই পরিবেশে জানুয়ারি মাসের প্রথম পাঁচটা দিন সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বহু মানুষ মিলিত হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নলেজ সিটির পরিচালক মাননীয় আব্দুর রব এর স্বপ্নের নগরীতে আছে বিএড কলেজ, ডি এল এড কলেজ, দিল্লি পাবলিক স্কুল, ল কলেজ এবং ফার্মেসি কলেজ। হাসপাতাল হয়েছে এবং চলছে ৫০০ শয্যার মেডিকেল কলেজের কাজ।

এখানে সংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ কয়েকটি মঞ্চ আছে যেখানে খুঁজে পাবেন শান্তিনিকেতন। মনে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত শান্তিনিকেতন। সোমবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সোনাঝুরি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত গোষ্ঠী অংশগ্রহণে ছিলেন আনন্দম, নেতাজি নগর মুক্তমঞ্চ, বিশ্বভরা প্রাণ এবং বাঁশি।

এছাড়াও একই মঞ্চে এদিন এ আর ল’ কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের অসাধারণ অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত দর্শককে মন্ত্রমুগ্ধ করেছেন। অন্যদিকে এদিন আম্রকুঞ্জেও চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানেও বেশ কয়েকটি গোষ্ঠী অংশগ্রহণ করেন। আধুনিক সুবিধার সঙ্গে সবুজ প্রাকৃতিক পরিবেশে পৌষ মেলা প্রত্যেকের ভালো লাগবে।