প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনের হাতে প্রবাসীদের প্রতিনিধিত্বকারী পত্রিকা ‘প্রবাস মেলা’-এর সৌজন্য কপি প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে পত্রিকাটির উপদেষ্টা ও গীতিকার সৈয়দ জাফর সাদেক এ কপি তুলে দেন।
সাক্ষাৎকালে জেলা পুলিশ সুপার কুষ্টিয়া জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেন। তিনি অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোহাম্মদ জসীম উদ্দিন বর্তমানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের সন্তান। শরীফ উল্লাহ হাই স্কুলের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী তিনি এবং বর্তমানে ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জনের পর তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাঁর নেতৃত্বে কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হচ্ছে।