শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতে করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকায় কুয়েতের বিভিন্ন শপিং মলে প্রবাসী ক্রেতাদের উপচে পড়া ভীড়। কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া, বাংলাদেশ অধ্যুষিত প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য একটি পছন্দনীয় গ্রান্ড শপিং মল। নিজেদের পছন্দসই বা পরিবার পরিজনদের জন্য যে কোন পণ্য কিনতে সকল পেশা, শ্রেণির বাংলাদেশি প্রবাসীদের এই মার্কেটটিতে পদচারণা।
মহামারী করোনার কারণে দীর্ঘদিন লকডাউন, কারফিউ চলে কুয়েতে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম ক্ষতির সম্মুখীন হয়। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বেচাকেনায় বেড়েছে প্রাণচাঞ্চল্যতা। ফলে ব্যবসায়ীরা অনেকটা ফুরফুরে মেজাজে আছেন। বর্তমানে বেচাকেনা বেড়ে যাওয়ায় তারা অনেক খুশী।
নিজেদের ভাগ্য পরিবর্তনে সোনার হরিণ ধরতে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান বাংলাদেশিরা। নিজেদের যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে চাকরী ছেড়ে অনেকেই ব্যবসায় যেমন প্রতিষ্ঠিত হয়েছেন তেমনি আবার স্বাবলম্বী করেছেন অনেক প্রবাসী বাংলাদেশিদের। তেমনি প্রায় ২ শতাধিক বাংলাদেশি রয়েছেন এই সুক আল ওয়াতানিয়া মার্কেটে।
বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেচাকেনা বেড়ে যাওয়ায় তারা অনেক খুশী। কুয়েতে প্রায় ৩ লক্ষ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু প্রবাসী ব্যবসায়ী এই মার্কেটটিতে মোবাইল, স্টেশনারী গার্মেন্টস, টেইলারিং, রেষ্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছেন। তারা মনে করেন দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারলে একদিকে যেমন বেচাকেনা আগের চেয়ে বেড়ে যাবে, তেমনি আবার দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ভূমিকা ফিরে আসবে।