শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের জনসাগম নিষিদ্ধের ঘোষণা করেছে কুয়েত সরকার।
দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে কুয়েতে। সবশেষ একদিনে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজারের বেশি। এরমধ্যেই বাড়ছে নতুন ধরন ওমিক্রনের আতঙ্ক। এই ভ্যারিয়েন্টের বিস্তাররোধে নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস্ক পরিধান বাধ্যতামূলকসহ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ অবস্থায় স্থানীয়সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানান, সরকারের নির্দেশনা মেনে চললে ওমিক্রন রোধ সম্ভব। এক প্রবাসী ব্যবসায়ী বলেন, আমাদের ভাইবোনদের প্রতি বিশেষভাবে অনুরোধ করবো, আমরা যাতে কুয়েতের আইন-কানুন মেনে চলি। বাইরে বের হলে যাতে মাস্ক পরি ও সামাজিক দূরত্ব বজায় রাখি।
এদিকে, আগামী ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের জনসাগম নিষিদ্ধের ঘোষণা করেছে কুয়েত সরকার। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিমানবন্দরেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।